চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

'সুলতানা'স ড্রিম'-এর ১২১ বছর পর চট্টগ্রামের মঞ্চে আসছে ‘প্রজেক্ট লেডিল্যান্ড’

‘সুলতানা’স ড্রিম’র ১২১ বছর পর চট্টগ্রামের মঞ্চে আসছে ‘প্রজেক্ট লেডিল্যান্ড’

বিজ্ঞপ্তি

২৩ আগস্ট, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী নারীবাদী সাইন্স ফিকশন ‘সুলতানা’স ড্রিম’ প্রকাশের ১২১ বছর পর, সেই স্বপ্নের নারীদের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এবার চট্টগ্রামের মঞ্চে আসছে ‘প্রজেক্ট লেডিল্যান্ড ২০২৬’। হারস্টোরি ফাউন্ডেশন প্রযোজিত এই বিশেষ নাটকটি আগামী সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) ফাউন্ডেশন গ্র্যান্ট’-এর সহায়তায় নির্মিত ৯০ মিনিটের এই নাটকটি সম্প্রতি ঢাকায় প্রদর্শিত হয়ে নাট্যসমালোচক ও দর্শকদের প্রশংসায় ভেসেছে।

‘প্রজেক্ট লেডিল্যান্ড’-এর অন্যতম বড় আকর্ষণ হলো এর ইন্টারঅ্যাকটিভ ফরম্যাট বা দর্শকের সক্রিয় অংশগ্রহণ। গল্পে লেডিল্যান্ডের ভবিষ্যৎ পথচলা কেমন হবে, উপস্থিত দর্শকদের সরাসরি মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে নাটকের সেই সিদ্ধান্ত। ফলে প্রতিটি প্রদর্শনীই রূপ নিচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে।

একটি নিবিড় কর্মশালার মাধ্যমে রচিত এই নাটকটির মূল রচয়িতা জোহরা বিনতে জামান; সহ-রচয়িতা হিসেবে ছিলেন আনিকা বুশরা শশী, নাফিসা এ. ইকবাল ও উপমা অধিকারী। সম্পাদনায় খন্দকার এমদাদুল হক সোহান, ক্যাটারিনা ডন, রিসানা মালিক ও ওয়াজেদ-আল-রহমান। শিল্প নির্দেশনা ও ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন হৃদিতা আনিশা এবং প্রপস ডিজাইনে ছিল ‘Urukku Bangladesh’।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফিদা আমির, দীপু মাহমুদ, ইসরাত জাহান ইকরা, জুলিয়েট রাজিনা কুইয়াহ, মুনতাসরিন রহমান মিম, ওয়াহিদুজ্জামান, প্রীতি দাস, সালিম শাদমান (সাশা), তাসনিয়াঘ শাওলিন ও মাইশা মুশফিকা তানিসা।

আয়োজকরা জানান, প্রদর্শনী শুরু হওয়ার ১৫ মিনিট আগে মিলনায়তনের কপাট দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন