বিশ্বমঞ্চে জ্ঞান বিষয়ক অলিম্পিয়াড প্রতিযোগিতায় উন্নতবিশ্বের শিশু কিশোরদের মাঝে বাংলাদেশি শিক্ষার্থীদের বিজয়ী হওয়ার দুর্লভ সুযোগ করে দিয়েছেন একজন সফল উদ্যোক্তা, স্বনামধন্য ইংরেজী শিক্ষক মো. তানভীরুল হক। তিনি দীর্ঘ দুই দশক ধরে কলেজে অধ্যাপনা করছেন এবং ইংরেজী গ্রামার ও ভাষা বিষয়ক ৫০টিরও বেশি বই রচনা করেছেন। নিজকন্যা তাহিয়ার বিশ্বঅলিম্পিয়াডে গোল্ড এওয়ার্ড প্রাপ্তি থেকে প্রাণিত হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করেন International Olympiads Bangladesh. এতেই বাংলাদেশের সকল শিশুর জন্য খুলে যায় সাফল্য লাভের এক আন্তর্জাতিক দুয়ার।
দৈনিক পূর্বকোণের সাথে একান্ত আলাপে মো. তানভীরুল হক জানালেন এই উদ্যোগের নানা আদ্যোপান্ত।
দৈনিক পূর্বকোণ : International Olympiads সম্মন্ধে বলুন।
তানভীরুল হক : International Olympiads এখন একটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা ও জ্ঞানমূলক সংগঠন যা বিশ্বের প্রথম শ্রেণির প্রায় ৫০টি অলিম্পিয়াড সংগঠনের অফিসিয়াল পার্টনার রুপে স্বীকৃত। এর মধ্যে রয়েছে Genius Olympiad(USA), Copernicus Olympiad(USA), Olympiad USA, AmerAsian Tesla Olympiad(USA), SIMCC(Singapore), Young Master Challenge(UK), IWISE(UK), GLOW Olympiad, Unicep(Australia), Bright Education(Cambodia), TMP(Malaysia), TIMO(Thailand), TIBMOC(Thailand), Crest(India), Adept & Koala (HongKong), OCSO (Indonesia) সহ আরও অনেক অলিম্পিয়াড সংগঠন। ইতোমধ্যে আমরা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মিসর, জর্ডান, সিংগাপুর, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানে অত্যন্ত সফলভাবে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের দেশের শতশত শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করেছি।
পূর্বকোণ : এই অলিম্পিয়াডে কারা অংশগ্রহণ করতে পারবে?
তানভীরুল : আমাদের এই অলিম্পিয়াডগুলোতে ক্লাস ওয়ান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শ্রেণির ছাত্রছাত্রীরা ইংরেজী, সায়েন্স, ম্যাথ, রসায়ন, জীববিজ্ঞান, রোবোটিকস, কোডিং, সাইবার থেকে শুরু করে আর্টস, বিজনেস সকল বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। একজন ৫ম শ্রেণির শিক্ষার্থী সারা বিশ্বের ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের সাথেই প্রতিযোগিতা করবে।
পূর্বকোণ : অলিম্পিয়াডে অংশগ্রহণের ধাপগুলো কী?
তানভীরুল : ইন্টারন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য প্রথমে বাংলাদেশে একটি ন্যাশনাল রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে কোয়ালিফাই করলে যেমন— ডায়মন্ড, গোল্ড, প্লাটিনাম, সিলভার এবং ব্রোঞ্জ লাভ করবে তারাই কেবল গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। তবে সকল অংশগ্রহণকারীরা একটি সার্টিফিকেট পাবে। আর গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণের জন্য ভিসাসহ যাবতীয় আয়োজন আমরা সম্পন্ন করে দেবো। https://www.facebook.com/InternationalOlympiadsBDGB এই লিংকে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ : কিভাবে একজন অংশগ্রহণকারী অলিম্পিয়াডের জন্য নিজকে প্রস্তুত করবে?
তানভীরুল : যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য অলিম্পিয়াড আয়োজক কমিটি থেকে নির্দিষ্ট সিলেবাস ও নমুনা প্রশ্ন সরবরাহ করা হয়। সে অনুযায়ী প্রতিযোগী প্রস্তুতি নেবে। এর জন্য অনেক সময় আমরা বিশেষ প্রশিক্ষণ করাই, মক টেস্ট নেই। মোটকথা প্রদত্ত সিলেবাসের আলোকে সার্বিক প্রস্তুতিতে আমরা সাহয্য করি।
পূর্বকোণ : অলিম্পিয়াডের পরীক্ষার পদ্ধতি কী রকম?
তানভীরুল : কিছু অলিম্পিয়াডে অফলাইন এবং কিছু অলিম্পিয়াডে অনলাইন পরীক্ষা হয়। ইংরেজি ভার্সানে লিখিত, এমসিকিউ, প্রেজেন্টেশন, প্রবলেম সলভ ইত্যাদি বিভিন্ন উপায়ে যোগ্যতা নিরুপণ করা হয়। কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেলে ব্রোঞ্জ, ৭০ পেলে সিলভার, ৮০ নম্বর পেলে গোল্ড, ৯০ এর উপর পেলে ডায়মন্ড এবং ১০০% নম্বর পেলে পারফেক্ট স্কোরার এভাবে এওয়ার্ড প্রদান করা হয়।
পূর্বকোণ : এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কতটুকু অর্জন করতে পারছে?
তানভীরুল : এটি শুধু একটি পরীক্ষা নয়— এটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের বহুমাত্রিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রমাণ করার একটি অসাধারণ সুযোগ। পাশাপাশি অর্জন করতে পারবে বৈশ্বিক অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য মূল্যবান স্বীকৃতি।
উপরন্তু ভবিষ্যতে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশীপের ক্ষেত্রে এই অলিম্পিয়াড সার্টিফিকেট Extra Curriculum Activity রুপে বিশেষ বিবেচনা লাভ করে থাকে। সবকিছু মিলে আন্তর্জাতিক পরিসরে আপনার সন্তানের ক্যারিয়ার গঠনের স্বর্ণদ্বার খুলে দেবে এই অলিম্পিয়াড।
পূর্বকোণ : অলিম্পিয়াড প্রতিযোগিতায় আপনাদের সাফল্য সম্মন্ধে বলুন।
তানভীরুল : হ্যাঁ, আমাদের দেশের ছোট্ট মেধাবীরা এযাবৎ দারুণ সব সাফল্য দেখিয়ে অনেক ডায়মন্ড, গোল্ড এওয়ার্ড নিয়ে এসেছে। চট্টগ্রামের তাহিয়া (Albarto Coto Abacus Olympiad), জারিফুল আবরার (International Science Olympiad Competition of Southeast Asia), রোদশী ভৌমিক (American Mathematics Olympiad), শরীফ তাকবির আহমেদ (Singapore Math Challenge)-এ প্রতিযোগিতায় ১০০% নম্বর পেয়ে Perfect Scorer হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে। সম্প্রতি সিংগাপুরে অনুষ্ঠিত Singapore International Math Olympiad -অংশগ্রহণকারী ১২ জনের মধ্যে ৭ জন গোল্ড এওয়ার্ড লাভ করেছে।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস লিগ আন্তর্জাতিক ফাইনাল ২০২৬-এ পূর্ণতা সাহা বিজ্ঞানে ও ইংরেজিতে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি বিজ্ঞানে পেয়েছে ডেইলি লাইফ আইনস্টাইন বিশেষ সম্মাননা।
সারাবিশ্বের উন্নত নানা দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের সন্তানেরা যখন বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরে তখনকার উল্লাস অনুভূতি বুঝিয়ে বলা সম্ভব নয়! এতে করে বাংলাদেশকে নতুন পরিচয়ে চিনছে গোটা পৃথিবী। আমাদের প্রিয় মাতৃভূমির গৌরব ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
পূর্বকোণ : এই অলিম্পিয়িাডকে ঘিরে আপনার ভবিষ্যত পরিকল্পনা পাঠকদের জানাবেন?
তানভীরুল : আমরা এবার চাই আমাদের আয়োজিত অলিম্পিয়াডে বিশ্বের অন্যরা অংশগ্রহণ করুক। এরই মধ্যে গত জুন মাসে আমাদের International Olympiads এর আয়োজনে মালয়েশিয়াতে English World Cup এর আয়োজন করেছি। সম্প্রতি সিংগাপুর থেকে Brands For Good Awards ২০২৬ লাভ করেছি আমরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা প্রমাণ করতে চাই যে— বাংলাদেশও বিশ্ব অলিম্পিয়াড আয়োজন করতে পারে! আর সঠিক সুযোগ পেলে আমাদের সন্তানরাও বিশ্বের যেকোন মঞ্চে হতে পারে বিজয়ী।
পূর্বকোণ/অনুপম/আদর


















