চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি) ২০২৬ রোডশো’। শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ প্রকাশনা এবং দেশের ক্রমবর্ধমান মোবাইল অ্যাপ ইকোসিস্টেম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। রবি আজিয়াটা পিএলসি’র উদ্যোগে পরিচালিত জাতীয় অ্যাপস্টোর ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিডিঅ্যাপসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে সিআইইউ স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি)। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিডিঅ্যাপস টিম সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপ ডেভেলপমেন্টের বাস্তব চ্যালেঞ্জ, বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে অ্যাপ প্রকাশের ধাপসমূহ, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং অ্যাপ মনিটাইজেশন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে শিক্ষার্থীরা প্রযুক্তি খাতের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা লাভ করেন।
স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুর রশীদ সোহাগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, উদ্ভাবনের গুরুত্ব এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বিডিঅ্যাপস ন্যাশনাল অ্যাপস্টোর প্রজেক্টের আওতায় মিয়াকি’র সদস্য মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, মোহাম্মদ আরিফ হাসান, মীর রিয়াজ উদ্দিন, মাহির আসেফ অনুষ্ঠানটির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর হাবিবুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত হয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবেল সেন গুপ্ত, সহকারী অধ্যাপক আতিকুর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রাম বিভাগ থেকে বিনামূল্যে অ্যাপ ডেভলপমেন্ট শিখতে আগ্রহীরা নফধঢ়ঢ়ং-হধফন.পড়স লিংক থেকে ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ





















