চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

‘রক্ত দিব, জীবন দিব, তবুও এনসিটি-সিসিটি দিব না

‘রক্ত দিব, জীবন দিব, তবুও এনসিটি-সিসিটি দিব না

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৬ | ৮:০৫ পূর্বাহ্ণ

’চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটিসহ কোনো স্থাপনা দেশি-বিদেশি ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের আগ্রাবাদ মোড়ে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল আগ্রাবাদের বাদামতলী থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়।

 

এই দুটি কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা এ সময় ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’. ‘রক্ত দিব, জীবন দিব,’ ‘এনসিটি-সিসিটি দিব না’, ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’সহ নানা স্লোগান দেন।

 

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস. কে. খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

 

এছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কে. এম. শহিদুল্লাহ, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, ইব্রাহীম ফরাজী, দেলোয়ার হোসেন, মার্চেন্ট শ্রমিক দল নেতা মো. হারুন এবং বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু প্রমুখ।

 

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশের কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এগুলো দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট