চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ থেকে ৬৪৭ কার্টন ‘মন্ড’ (Mond) সিগারেট এবং ২৪০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) ভোরে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। পণ্য বহনে জড়িত তিনজনকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটিতে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালায় । এ সময় তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।
উল্লেখ্য মে মাসেই শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৮৩৪ কার্টন সিগারেট এবং ২৭৫১ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছিল।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















