চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে নগরীর স্টেশনরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের আল আমিন (২৪), কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহার আলী আকবর (৪৮), কোতোয়ালীর ব্রয়লার এভিনিউ কলোনীর জয়নাল (১৮), বোয়ালখালীর কানুনগো পাড়ার দুলাল (৫৫) এবং সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকার সালাউদ্দিন (২৩)।
পুলিশ জানায়, স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে ৫ ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় । ওই সময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে যথাযথ বিচার প্রক্রিয়ার জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















