২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব, জনবান্ধব ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মাঝেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা ও সাপ্লাই চেইন ইকোসিস্টেম বজায় রাখার উদ্যোগের জন্য চেম্বার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি মোকাবিলায় বৈদেশিক ঋণের পরিবর্তে অভ্যন্তরীণ উৎসের ওপর গুরুত্ব দেওয়াকে তারা দেশীয় সক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এছাড়া করজাল বৃদ্ধি এবং জনগণের ওপর ভ্যাটের চাপ কমানোর পরিকল্পনাকে তারা ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
চেম্বার নেতৃবৃন্দ বাজেটে চট্টগ্রামের উন্নয়ন ও বিনিয়োগের জন্য নতুন নীতিমালার প্রশংসা করেন। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন এবং রেলপথের দূরত্ব ৮০ কিমি কমানোর সিদ্ধান্তকে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখছেন তারা। পাশাপাশি মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও ইউটিলিটি সেবা নিশ্চিত করার মাধ্যমে পূর্ণাঙ্গ বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান নেতৃবৃন্দ।
বাজেটে ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি এবং ব্যাংক স্থিতিতে আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এছাড়াও তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং উচ্চশিক্ষায় ঋণ সুবিধাকে তারা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
বাজেট পর্যালোচনায় আরও জানানো হয়, কর্পোরেট করহার অপরিবর্তিত রাখা, ১১৩টি পণ্যের রেগুলার ডিউটি প্রত্যাহার এবং শিশুখাদ্য ও মসলা আমদানিতে শুল্ক হ্রাস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং ইভি (বৈদ্যুতিক যান) আমদানিতে রেয়াতি সুবিধা জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। একইসাথে আইটি খাতে ফ্রিল্যান্সারদের কর অব্যাহতি এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে তারা ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।
বাজেট প্রতিক্রিয়া সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপনসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নসরুল কাদিরসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞগণ।


















