চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

বাজেট প্রতিক্রিয়া : মেট্রোপলিটন চেম্বার

রাজস্ব আহরণে সুশাসন নিশ্চিত ও ব্যাংক মালিকানা ফেরানোর দাবি সিএমসিসিআই’র

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)। তবে সংগঠনের পক্ষ থেকে রাজস্ব আহরণ নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকগুলোকে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

 

এক বিবৃতিতে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, শিল্পায়নের সুরক্ষা ও সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হলেই কেবল কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ নিশ্চিত করা যাবে।

 

বিবৃতিতে দেশের আর্থিক খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাদের স্ব-স্ব মালিকের কাছে ফিরিয়ে দেওয়া প্রয়োজন। এর ফলে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে চেম্বার প্রত্যাশা করছে।

 

তবে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে সিএমসিসিআই। সংগঠনের মতে, এই পদক্ষেপ বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলবে। তাই বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গঠিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এই ৫৫তম বাজেট উপস্থাপন করেন। একটি আধুনিক ও শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে এই বাজেট দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট