চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ঘুরে দেখলেন নৌ-স্থাপনা ও জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী এই পরিদর্শনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) পরিদর্শন করেন। আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, সিএনআরডি-তে পরিচালিত জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হন।

 

প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) কার্যক্রমও পরিদর্শন করেন। নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

 

এছাড়া তিনি চট্টগ্রামের বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এই প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্প, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যতে উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তির কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাহাজ নির্মাণ শিল্পসহ প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট