চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অত্যন্ত আলোচিত, দুর্গম ও অপরাধপ্রবণ জঙ্গল সলিমপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন, অপরাধী চক্রের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং প্রশাসনিক নজরদারি জোরদারের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইসিবি (ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করে। কাজের উদ্বোধন শেষে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়ক পথসমূহ সরেজমিনে পরিদর্শন করেন ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ । পরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মেগা প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ জানান, প্রথম দফায় স্থানীয় ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি টেকসই সড়ক নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির (বিএমএ) পাশ দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংযোগকারী আরও দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ যাতায়াতের জন্য আরও একটি সংযোগ সড়ক তৈরি করা হবে। প্রকল্পের বাজেটের বিষয়ে তিনি স্পষ্ট করেন, এই সড়ক নেটওয়ার্কের জন্য এখনও কোনো নির্দিষ্ট বাজেট আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়নি। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ও সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় আধুনিক সড়ক নির্মাণে সেনাবাহিনীর দীর্ঘদিনের পেশাদার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

















