চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

চসিকের রাজস্ব আদায়ে কঠোর মেয়র ডা. শাহাদাত: প্রতি মাসে হবে কাজের মূল্যায়ন

চসিকের রাজস্ব আদায়ে কঠোর মেয়র, প্রতি মাসে হবে কাজের মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক

৮ জুন, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

সোমবার (৮ জুন) লালদিঘিস্থ চসিক পাবলিক লাইব্রেরি ভবনে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

 

রাজস্ব আদায়ে গতি আনতে মেয়র ঘোষণা করেছেন যে, এখন থেকে প্রতি মাসে রাজস্ব বিভাগের সাথে সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি সার্কেলের অগ্রগতি প্রতিবেদন যাচাই করা হবে। যেসব সার্কেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় কম হবে, সেখানে কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

মেয়র চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন—ফাইভ স্টার হোটেল, মার্কেট, গার্মেন্টস কারখানা এবং কন্টেইনার ডিপোগুলোর হোল্ডিং ট্যাক্স সঠিকভাবে আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কাছে চসিকের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে উল্লেখ করে মেয়র জানান, এই বকেয়া আদায়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ডিও (DO) লেটার পাঠানো হয়েছে।

 

কর আদায়ে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, “রাজনৈতিক বা অন্য কোন পরিচয়ের ক্ষমতা দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া যাবে না”। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যারা ইচ্ছাকৃতভাবে কর পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সভায় রাজস্ব কর্মকর্তারা তাদের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কিছু সার্কেলে কর আদায়কারী না থাকায় নতুন স্থাপনাগুলো থেকে কর আদায় ব্যাহত হচ্ছে বলে জানানো হয়। এর প্রেক্ষিতে নতুন স্থাপনাগুলোকে হোল্ডিং ট্যাক্সের এসেসমেন্টের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। মেয়র বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স খাতে আদায় সম্ভাবনার চেয়ে অনেক কম, যা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হতে হবে।

 

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ রাজস্ব বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট