চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আদালতে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামীকাল মঙ্গলবার (৯ জুন) দিন ধার্য করা হয়েছে।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। এ সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, বাকলিয়া থানার চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে আগামীকাল অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্র জানায়, গত ৪ জুন মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করছিলেন।

















