চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

জলাবদ্ধতামুক্ত গ্রিন সিটি আমাদের লক্ষ্য : চসিক মেয়র

জলাবদ্ধতামুক্ত গ্রিন সিটি আমাদের লক্ষ্য : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ৭:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

 

শুক্রবার (৫ জুন) দুপুরে নগরীর চকবাজার ডিসি রোডস্থ মিয়ার বাপের মসজিদ এলাকা সংলগ্ন চাক্তাই খাল ও নির্মাণাধীন ব্রিজের কাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনকালে মেয়র চাক্তাই খালকে ‘চট্টগ্রামের দুঃখ’ হিসেবে অভিহিত করে বলেন, জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে এই ডাইভারশন খাল নিয়মিত খনন ও পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যদি আমরা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাই এবং সবাই মিলে খালে ময়লা ফেলা বন্ধ করি, তবেই এই এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত হবে”।

 

চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে মেয়র কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন কাজ হয়, তাই কাজে কোনো ধরনের ধীরগতি বা অনিয়ম সহ্য করা হবে না। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে, বিশেষ করে বর্ষা মৌসুমের আগেই ব্রিজের কাজ শেষ করার নির্দেশ দেন যাতে জনচলাচল নির্বিঘ্ন হয়।

 

জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, বাজারের লোকজন যেন ফুটপাথ ও খালপাড়ে পসরা সাজিয়ে না বসেন, তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে। পুনর্বাসনের পরেও যারা খাল দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ।

 

মেয়র জানান, তিনি নিজে নিয়মিত মাঠে থেকে উন্নয়ন কাজগুলো তদারকি করছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট