কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আইনজীবী এনেক্স ভবনের চেম্বারের ভিতরে জাল খতিয়ান, দলিল এবং মূল্যবান দুষ্প্রাপ্য সরকারি দলিলাদি বিভিন্ন কায়দায় জাল জালিয়াতি করার দায়ে চক্রটির মূল হোতা মো. জাহিদ হোসেন জনিকে (৩৪) হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন অফিসের ৩২ টি নকল সিল ও খতিয়ানের কাগজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, আইনজীবী এনেক্স ভবন-১ এর চেম্বার নং ৭২৫-এ মো. জাহিদ হোসেন জনি বিপুল সংখ্যক সরকারি জাল সিল ব্যবহার করে জাল খতিয়ান, দলিল এবং মূল্যবান দুষ্প্রাপ্য সরকারি দলিলাদি নিজ ল্যাপটপে সৃজন করে প্রতারণা করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে নিয়মিত টাউট উচ্ছেদ কমিটির অভিযানে বাদী, আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, লাইব্রেরি সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারসহ সকলে দুপুর সোয়া ২টায় চেম্বারে ভিতরে প্রবেশ করেন। সকলের উপস্থিতিতে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে জাল খতিয়ান, দলিল এবং মুল্যবান দুস্প্রাপ্য সরকারি দলিলাদি সৃজন করার সময় তার কাছ থেকে সব উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে কোতোয়ালী থানার এসআই রাকিবুল হাসান ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

















