চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মাথায় চার্জশিট দিলো পুলিশ

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মাথায় চার্জশিট দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৬ | ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ঘটনার ১৫ দিনের মাথায় ৭ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলো।

এর আগে গত ২১ মে বাকলিয়া এলাকায় এই ঘটনায় গভীর রাতে শিশুটির বাবা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন বিকেলে আদালতে হাজির করা হলে আসামি অভিযুক্ত মনির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আজ আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে। 

উল্লেখ্য, গত ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির হোসেনকে বিকেল ৪টায় আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে শত শত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।রাত সোয়া ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্তকে একটি ভবন থেকে বের করে নিজেদের হেফাজতে নেয়। এরপরও উত্তেজিত লোকজন সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। মধ্যরাতের পরও পুলিশ ও বিক্ষুব্ধ লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট