চট্টগ্রাম মহানগরীর আকবরশাহে এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার মালুমঘাট এলাকার বাসিন্দা তাজিম উদ্দিন মারুফ (২৮) এবং চট্টগ্রাম জেলার পটিয়া থানার পূর্ব বাথুয়া এলাকার বাসিন্দা আবদুল্ল্যাহ আল মামুন (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল সিটি গেইট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তির হেফাজত হতে মোট এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ











