বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় সরানো হবে না বলে নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নবনির্বাচিত চট্টগ্রাম চেম্বার নেতাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী এ নিশ্চয়তা দেন।
একইসঙ্গে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বড় দারোগারহাটে পণ্য পরিবহনের ওজন স্কেল নিয়ে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ীদের আর বৈষম্যের শিকার হতে হবে না বলে নিজের অবস্থান জানান অর্থমন্ত্রী।
বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্য সহজীকরণ নিয়ে দেড় ঘণ্টার বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উঠে আসে বেশ কিছু সিদ্ধান্ত ও পরামর্শ। আজ শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর মেহেদিবাগের বাসায় চেম্বারের সভাপতি আমিরুল হকের নেতৃত্বে চেম্বার নেতারা এ অনানুষ্ঠানিক বৈঠক করেন।
গত ২৩ মে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আমিরুল হকের নেতৃত্বে ২৪ জন পরিচালকই জয়ী হন। ২৫ মে তাদের নেতৃত্বে চেম্বারের প্রেসিডিয়াম গঠিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর সঙ্গে নতুন চেম্বার নেতৃত্বের এটি ছিল প্রথম বৈঠক।
পূর্বকোণ/আরআর












