পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক। জনগণের ভোগান্তি লাঘবে এবং কোরবানির প্রস্তুতি নির্বিঘ্ন করতে তিনি এ আহ্বান জানান।
চেম্বার সভাপতি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। এই বিশাল জনসমাগমের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ যন্ত্র স্থাপন এবং মানি স্কট সুবিধা থাকা আবশ্যক বলে তিনি মনে করেন।
নিরাপত্তার পাশাপাশি নগরীর যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিরুল হক বলেন, পশুর হাটগুলো অনেক সময় মূল রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে, যা যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। জনদুর্ভোগ কমাতে এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে, সড়ক বা ফুটপাতে কোরবানির পশু বিক্রি এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কঠোর মনিটরিং এর ওপর গুরুত্বারোপ করেন।
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন চেম্বার সভাপতি। তিনি ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকতে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া, ঈদের দীর্ঘ ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাবেন, তাদের ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তায় মহানগর পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
শহরের পরিবেশ রক্ষায় দ্রুত পশুর বাজার পরিষ্কার করা এবং ঈদের দিন কোরবানির বর্জ্য অপসারণের জন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি বিশেষ অনুরোধ জানান আমিরুল হক।












