দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে মোহাম্মদ আমিরুল হক নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান।
আজ সোমবার (২৫ মে) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী ও সহসভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।
আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়।
সিনিয়র সহসভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। সহসভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়।
এর আগে দীর্ঘ ১৩ বছর পর গত শনিবার (২৩ মে) চিটাগং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ












