চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২৬ | ১১:৫৭ অপরাহ্ণ

শিশুদের নিরাপত্তায় চট্টগ্রামে ডে-কেয়ার সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

আজ শনিবার (২৩ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন চার শিশুকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ডে-কেয়ার সেন্টার নির্মাণ করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, চট্টগ্রামের শ্রমজীবী পরিবারের ছোট শিশুদের জন্য আমরা একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার করবো। আমি ইতোমধ্যে জায়গা খুঁজছি। ইনশাআল্লাহ খুব দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

 

চসিক মেয়র বলেন, দেশের অর্থনীতিতে গার্মেন্টস খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই খাতকে শ্রম দিয়ে সমৃদ্ধ করছে, তাদের সন্তানরা যদি নিরাপদ না থাকে, তাহলে সেটি রাষ্ট্র ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন। আপনাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের শিশুদের জন্য একটি নিরাপদ ডে-কেয়ার সেন্টার করা কোনো কঠিন কাজ নয়। সেখানে শিশুদের জন্য খেলাধুলা, শিক্ষা, খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

 

মেয়র আরো বলেন, চমেকের ওসিসি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে গত আট বছরে ১২ বছরের নিচে অন্তত ৪২২ জন শিশু নির্যাতনের শিকার হয়ে সেখানে চিকিৎসা নিয়েছে। এর বাইরেও লজ্জা ও সামাজিক সংকোচের কারণে অসংখ্য ঘটনা প্রকাশ পায় না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শিশুদের একা বাইরে না পাঠাতে এবং দোকানে ছোট শিশুদের পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দোকানের আশেপাশে ঘোরাফেরা করা অপরাধীরা শিশুদের টার্গেট করছে। তাই অভিভাবকদেরও সচেতন হতে হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট