চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী শিশুকে ‘ধর্ষণের’ অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন আদালতে দোষ স্বীকার করে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকালে এই আসামিকে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজির করার পর তিনি ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মো. কবির ভূঁইয়া বলেন, “আমাদের জিজ্ঞাসাবাদে মনির হোসেন শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে নেওয়া হলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ওই শিশুকে স্থানীয় ডেকোরেটর কর্মচারী ৩২ বছর বয়সী মনির হোসেন ‘ধর্ষণ’ করেছেন বলে বৃহস্পতিবার বিকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। পুলিশ মনিরকে থানায় নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ওই যুবককে তাদের হাতে তুলে দিতে দাবি জানান। এই নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। তাতে পুলিশ, সাংবাদিকসহ ৫০ জনের মতো লোকজন আহত হন।
পূর্বকোণ/আরআর/পারভেজ













