চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে একটি দোকানের ম্যানেজারের কাছ থেকে আইফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কামরুল হোসেন (২৯) পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
বুধবার (২০ মে) রাতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, গত ১৩ মে ফলমন্ডি এলাকায় তৈয়ব্যিয়া ফার্ম নামক একটি ফলের দোকানের ম্যানেজার আব্দুল কাদের (২৭) সন্ধ্যায় নিউমার্কেট যাচ্ছিলেন। পথে ফলমন্ডী পশ্চিম গেট ফ্লাইওভারের নিচে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় কামরুল হোসেন নামে এক ছিনতাইকারী তার সহযোগীসহ ম্যানেজার আব্দুল কাদেরকে ধরে তার কাছ থেকে আইফোন ও নগদ এক হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কামরুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর
















