চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নির্বাচনে সমিতির সদস্যরা সহ-সভাপতি সহ বিভিন্ন পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা অংশগ্রহণ করলেও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীপন্থি আইনজীবীদের সংগঠন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সোনালী ব্যাংক চত্বরে ভোট গ্রহণের প্রতিবাদে সমাবেশ শুরু করে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সমর্থকরা।
ভোট বর্জনের বিষয়ে জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, আমরা ভোট বর্জন করেছি। আমাদের সাধারণ ভোটাররাও ভোট দিচ্ছে না। আমরা এখন এরকমভাবে ভোট গ্রহণের প্রতিবাদে সমাবেশ শুরু করেছি। ‘এক তরফা’ নির্বাচনের প্রতিবাদে এর আগে বুধবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মিছিল করে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। অন্যদিকে নির্বাচন স্থগিত চেয়ে আদালতে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের করা আবেদন নামঞ্জুর করে আদালত।
এরপর বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিদায়ী কমিটি থেকে পদত্যাগ করেন জামায়াত ইসলামী সমর্থিত সাত আইনজীবী। বৃহস্পতিবারের ভোট বর্জনেরও ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর আইনজীবীদের সংগঠন ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ এর ১২ প্রার্থী।
পূর্বকোণ/পিআর
















