চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শনিবার থেকে পুরোদমে বেচাকেনার আশা

হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ঈদুল আজহার বাকি আর মাত্র সাতদিন। এরমধ্যেই গত দু’দিন ধরে নগরীর পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিভিন্ন জেলা উপজেলা থেকে পশুগুলো নিয়ে আসছেন বেপারিরা। পশুর বাজার সংস্কার ও তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদাররা।

আগামী শনিবার থেকে বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে আশাবাদী বেপারিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এরই মধ্যে তাদের দুটি অস্থায়ী বাজার এবং ৫টি স্থানীয় ব্যবস্থাপনায় ইজারা দিয়েছে। এর বাইরে রয়েছে চসিকের তিনটি স্থায়ী গরু বাজার।  দু’টি অস্থায়ী বাজারের মধ্যে রয়েছে কর্ণফুলী পশু বাজারের (নুর নগর হাউজিং এস্টেট) ও ৪০ নম্বর ওয়ার্ড মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ।

স্থানীয় ব্যবস্থাপনায় বাজারের মধ্যে রয়েছে ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর হালিশহর গলিচিপা পাড়া বারুনিঘাটা মাঠ। ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যম হালিশহর মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন রিং রোডের পাশের খালি জায়গা। ৩৯ নম্বর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ। ৪০ নম্বর ওয়ার্ডের হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশের টিএসপি মাঠ। ৪১ নম্বর ওয়ার্ড পতেঙ্গা সি-বিচ সংলগ্ন টানেলের উত্তর পাশে আলমগীর বালির মাঠ। জানতে চাইলে কর্ণফুলী পশু বাজারের (নুর নগর হাউজিং এস্টেট) ইজারাদার মো. ইব্রাহিম সওদাগর বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে গরু আসা শুরু হয়েছে। এখনো বেচাকেনা শুরু হয়নি। আশা-করছি, আগামী শনি-রবিবার থেকে বেচাকেনা শুরু হবে।  প্রায়ই একই কথা বলেন বিবিরহাট গরু বাজারের ইজারাদার মো. ইসমাইল।

তিনি বলেন, গত মঙ্গলবার থেকে বাজারে কোরবানির পশু আসা শুরু হয়েছে। গত মঙ্গলবার ও বুধবারে প্রায় ২৫ গাড়ি গরু নিয়ে এসেছেন বেপারিরা।  জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়াল কামাল বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী বাজারগুলো ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা পশুর হাটগুলো প্রস্তুত করছে। চসিকের অনুমোদিত হাটের বাইরে নগরীতে কোন পশুর হাট বসতে দেওয়া হবে না। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট