রক্ত দিয়ে প্রথমে পরিবারের সঙ্গে গভীর সখ্য গড়ে সুযোগ বুঝে ‘ভাত খাওয়ার’ অভিনব বায়না ধরে মায়ের কোল খালি করে মিম্পা আক্তার নামের ৮ মাসের শিশুকে চুরি করা হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে চুরির মাত্র ৫ ঘণ্টার মাথায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. জামাল উদ্দিন।
সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা ঝিনুক আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অভিযুক্ত হুমায়রা আমাকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছিল। তার স্বামী বিদেশে থাকে জানিয়ে আমাদের নানাভাবে সহায়তার আশ্বাস দেয়। আমার স্বামীকেও ভালো কাজের ব্যবস্থা করে দেবে বলেছিল। কিন্তু সে যে রক্ত দেওয়ার আড়ালে এমন প্রতারণা করে আমার সন্তানকে চুরি করবে, তা আমি ভাবতেও পারিনি।’
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ মে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন শিশু মিম্পার মা ও তার খালা। হাসপাতালে থাকা অবস্থায় ঝিনুক আক্তারের সঙ্গে সুকৌশলে সম্পর্ক গড়ে তোলে চোর চক্রের সদস্য হুমায়রা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঝিনুকের খালাতো ভাইয়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন হলে হুমায়রা স্বেচ্ছায় রক্ত দেয়। রক্ত দেওয়ার পর তিনি মিম্পার মায়ের কাছে ভাত খাওয়ার ইচ্ছা প্রকাশ করে।
বুধবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, ‘গ্রেফতাররা পেশাদার শিশু চোর চক্রের সদস্য। তারা প্রথমে হাসপাতালে এসে অসহায় ও গ্রামীণ রোগীদের টার্গেট করে সম্পর্ক গড়ে তোলে। এরপর রক্ত দেওয়া বা নানামুখী সহায়তার ফাঁদ পেতে বিশ্বাস অর্জন করে শিশু চুরি করে। নগরীতে এমন আরও কয়েকটি চোর চক্র সক্রিয় রয়েছে, যাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।’
















