চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

স্কুলছাত্রী আহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহপাঠীদের অবরোধ

স্কুলছাত্রী আহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহপাঠীদের অবরোধ

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৬ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত হওয়াকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সড়কের মাঝে আগুন দিয়ে অবৈধ দোকান উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা। এভাবে প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই ছাত্রী বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন অবরোধে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে সড়কের পাশের দোকান সরিয়ে নেওয়ার জন্য তিন ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

 

দুর্ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের অভিযোগ, বাঁশবাড়িয়ায় সড়কের পাশে অবৈধভাবে বাঁশ ও কাঠের দোকান দেওয়া হয়েছে। বিক্রির জন্য রাখা বাঁশ-কাঠের কারণে শিক্ষার্থীদের মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। দুই ছাত্রীও সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে পাশে রাখা বাঁশের স্তূপে ধাক্কা দেয়।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, গাড়ির ধাক্কায় সড়কে দুই ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত দুই শিক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

 

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, দুই শিক্ষার্থী গাড়ির ধাক্কায় আহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার খবরে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছেন। তবে সড়কের অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট