নগরীর কাজীর দেউড়ি বাজার ও আগ্রাবাদ এলাকার কর্ণফুলী বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম, সাদমান সহিদ এবং শুভ আহমেদ বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ ঈদ বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম।
এছাড়া কর্ণফুলী বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং শুভ আহমেদ। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২টি মামলায় ৫ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পূর্বকোণ/রাজীব
















