চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ঈদে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ীরা

ডিসির ব্যতিক্রমী উদ্যোগ ‘ফেস্টিভ সেল’

ঈদে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৬ | ১১:৫০ অপরাহ্ণ

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে এটা যেন দীর্ঘদিনের অলিখিত বাস্তবতা। কিন্তু সেই প্রচলিত সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে এবার চট্টগ্রাম থেকে শুরু হলো এক ব্যতিক্রমী উদ্যোগ। উৎসবে পণ্যের দাম বাড়বে না, বরং কমবে।

 

সোমবার (১৮ মে) ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে এই ঘোষণা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যহ্রাসে ‘ফেস্টিভ সেল’ চালুর লক্ষ্যে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে একটি সংস্কৃতি চালু রয়েছে উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব মানেই ছাড়, মূল্যহ্রাস ও মানুষের জন্য বাড়তি সুযোগ। কিন্তু আমরা চলি উল্টো পথে। উৎসব মানে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধনী-সবাই মিলে উৎসবের আনন্দ উপভোগ করবে, সেটাই হওয়া উচিত। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উৎসবকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করেন। তাদের ব্যবসায়ী বলি না, রাষ্ট্রের শত্রু বলি।

 

ডিসি জাহিদুল ইসলাম বলেন, খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজারসহ বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসায়ী ও চট্টগ্রামের বড় ব্যবসায়ী সংগঠনগুলো উদ্যোগটির পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, পেঁয়াজ, আদা, রসুন, আটা, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ২ থেকে ৫ শতাংশ ছাড় এবং কিছু পণ্যে ৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত মূল্য কমানোর ঘোষণা এসেছে।

 

এদিকে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধের বিষয়েও গুরুত্ব দেন জেলা প্রশাসক।
বিজিএমইএর চট্টগ্রামের পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, বিজিএমইএ সবসময় শ্রমিকবান্ধব শিল্প পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামের প্রায় ৩৪০টি কারখানার মধ্যে ৩০২টি ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হাসান ইকবাল চৌধুরী, শিল্পাঞ্চল-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, বিজিএমইএর চট্টগ্রাম পরিচালক এনামুল আজিজ চৌধুরী, বিকেএমইএর পরিচালক আব্দুল বারেক, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম সেলিম, প্রাণ ট্রেডিং লিমিটেডের অপারেশন ম্যানেজার আশিক উল্লাহ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি ও রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ছালামত আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, এবং ইপসার হেড অব এডভোকেসি মো. আলী শাহীন প্রমুখ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট