চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চিকিৎসকদের ওপর হামলা বন্ধ না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চমেকে এনডিএফের মানববন্ধনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

চিকিৎসকদের ওপর হামলা বন্ধ না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির উদ্দীনের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চিকিৎসক নেতারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

সোমবার (১৮ মে) দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধনে চমেক ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে চিকিৎসক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন এনডিএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. এ. টি. এম. রেজাউল করিম। বক্তব্য দেন এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান, এনডিএফ চট্টগ্রাম মহানগরের সম্পাদক ডা. এস. এম. কামরুল হক, অধ্যাপক ডা. মো. সেলিম, ডা. মোহাম্মদ ইরফান চৌধুরী ও ডা. মাহমুদুল হক (মেসবাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. রেজাউল করিম।

 

বক্তারা আরও বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালগুলোতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা আরও বাড়বে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট