চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দেশের ক্রান্তিকালে ত্রাণকর্তা ছিলেন জিয়াউর রহমান

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশের ক্রান্তিকালে ত্রাণকর্তা ছিলেন জিয়াউর রহমান

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে এই একটি পরিবার বাংলাদেশি এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেটি হলো এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।

 

শনিবার (১৬ মে) বিকেলে নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি- পিআরইউ’র আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করতে এই ধরনের ফোরাম (পিআরইউ) বাংলাদেশের জন্য খুবই জরুরি। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয় তাহলে জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অন্যায়ের সাথে আপস না করে বাংলাদেশ এবং বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। দেশবিরোধী শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের মানুষ উনার উপর আস্থা রেখে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছেন। উনি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ফেরত দিয়েছেন এবং একই সাথে উনি বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতা ফেরত দিয়েছেন। কৃষি, আরএমজি সেক্টর অর্থাৎ গার্মেন্টস সেক্টর এবং শ্রম রপ্তানি-এই তিনটিরই প্রবক্তা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা।

 

বক্তব্য রাখেন পিআরইউ’র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ জাকির হোসেন, সৈয়দ নেছার উদ্দিন বুলু, সাংবাদিক মোহাম্মদ আলী, নূর হোসেন মামুন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মনজুর মোরশেদ রণি, তৌহিদুর রহমান, খোরশেদ আলম শিমুল, ছাত্রদল নেতা ইসমাঈল বিন মনির, মেহেদী রায়হান, সচিব মির্জা ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট