একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চট্টগ্রামের এক সেমিনারে মন্তব্য করেছেন বক্তারা। এছাড়া পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।
শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রামের নগরীর এক আবাসিক হোটেলের সভাকক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার এ কথা বলেন বক্তারা।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সেমিনারে বিএনপিএসের সিনিয়র সমন্বয়কারী (পিএমই) সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তনিমা সুলতানা।
সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরিফুল হক আকাশ এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারুমী চাকমা।
বক্তারা বলেন, সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য, সাম্প্রদায়িকতা, অনলাইন সহিংসতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সংকট মোকাবেলায় তরুণ সমাজকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেমিনারের প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা, মানবাধিকার, গণতান্ত্রিক চর্চা এবং তরুণদের সামাজিক দায়িত্ব বিষয়ে বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
পূর্বকোণ/পিআর
















