শুক্রবার, বিকেল ৪টা ৫০ মিনিট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেইটের একটি পিলারের সামনে দাঁড়িয়ে আছেন এক যুবক। হাতে আয়তাকার একটি ব্যানার। পাশে থাকা আরেকজন টেপ দিয়ে সেটি সাঁটিয়ে দিচ্ছেন দেয়ালে। দুজনের চোখেমুখে স্পষ্ট উৎকণ্ঠা আর হতাশার ছাপ।
ব্যানারটিতে কালো পান্জাবি, আর মাথার টুপিতে ৬ বছর বয়সী শিশু সোহাইয়া ইসলাম নাহিদের ছবি। বড় অক্ষরে লেখা—‘নিখোঁজ বিজ্ঞপ্তি’। হারিয়ে যাওয়া ছোট ভাইকে ফিরে পাওয়ার আশায় নগরীর অলিগলিতে এভাবেই ব্যানার লাগিয়ে বেড়াচ্ছেন ভাই সাব্বির।
সাব্বির বলেন, গত ১৩ মে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ হয় নাহিদ। এরপর থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, “প্রতিদিন বিভিন্ন এলাকায় খুঁজছি। মানুষ যেন দেখে চিনতে পারে, সেজন্য পোস্টার লাগাচ্ছি। কেউ যদি ভাইটাকে খুঁজে দেয়…”—কথা শেষ করার আগেই কণ্ঠ ভারী হয়ে আসে তার।
নিখোঁজ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাহিদের বয়স ৬ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট এবং গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেন্জি আর জিন্স প্যান্ট।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১০১০.১৫/৫/২৬) করা হয়েছে।
কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে ০১৬০০-৮৮২৪২৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















