চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিমের চালান জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাত পৌনে ৯টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯-৫২০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, তল্লাশির সময় যাত্রীদের ব্যাগেজ থেকে ১ হাজার ১২৮ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিম পাওয়া যায়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ৫৬ হাজার টাকা।
এসব পণ্য বহনের সঙ্গে জড়িতরা হলেন— চকরিয়ার সেলিম উল্লাহ, হাতিয়ার মো. রায়হান উদ্দিন এবং পটিয়ার মো. মনসুরুল আলম।
তিনি আরও জানান, আটক পণ্যের চালান ডিএম মূল্যে জব্দ করা হয়েছে এবং সেগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।
তবে আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
পূর্বকোণ/আরআর
















