চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আটক ৯

অবৈধভাবে সাড়ে ১৭ হাজার মজুদকৃত ডিজেলসহ ২ ট্যাঙ্কার জব্দ

১৩ মে, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা ডিজেল বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। এ সময় নয়জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ‘ও.টি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে মজুত করা ডিজেল অপর অয়েল ট্যাঙ্কার ‘ও.টি সী স্টার’-এর কাছে বিক্রির সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাঙ্কার জব্দ করা হয়। এ সময় অবৈধ বিক্রির সঙ্গে জড়িত নয়জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দ করা ডিজেল, অয়েল ট্যাঙ্কার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট