চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কায়সার নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বিএসআরএমে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, এক যুবক হেঁটে ফ্লাইওভারের এক পাশ থেকে আসছেন। পরে কিছুক্ষণ তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রায় তিন থেকে চার মিনিট সেখানে অবস্থান করার পর তাকে রেলিংয়ের ওপর বসে থাকতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরায় হঠাৎ অদৃশ্য হয়ে পড়েন।
চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে তাকে একাই ফ্লাইওভারের দিকে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
পূর্বকোণ/আরআর
















