
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সাথে দেশে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই), চট্টগ্রামের ২৮তম ব্যাচের রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আটকে পড়া বিএসসি জাহাজ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছেন। দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে চলে আসার ব্যবস্থা করা হবে।’
দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাস্তবিক ভাবে যা করার দরকার, সরকার তা করছে। সরকারের চেষ্টা ও আন্তরিকতার কোনো অভাব নেই। পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে, তাতে সংকট থাকার কথা নয়। জ্বালানি মজুত করে কৃত্রিমভাবে সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে।’
এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নবীন ক্যাডেটদের দেশ ও জাতির সম্পদ হিসেবে উল্লেখ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘মেরিটাইম খাতের প্রশিক্ষিত তরুণরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার নতুন দূত হিসেবে কাজ করবেন। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ব সমুদ্র অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বদ্ধপরিকর বাংলাদেশ।’
কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘কেবল সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা অনেক সময় বেকারত্বের সৃষ্টি করে। কিন্তু মেরিটাইম প্রশিক্ষণের মতো কারিগরি শিক্ষা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। নব্বইয়ের দশক থেকে এই ইনস্টিটিউট যে দক্ষ জনবল তৈরি করছে, তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। ভবিষ্যতে এই খাতের আরও আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে।’
পৃথিবীর দুই-তৃতীয়াংশ জলভাগ উল্লেখ করে তিনি বলেন, ‘একসময়ের দুর্গম এই সমুদ্র আজ আধুনিক বিশ্বের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আপনারা যখন বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করবেন, তখন আপনাদের পেশাদারিত্ব ও স্মার্টনেসের মাধ্যমেই বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’
এ সময় ক্যাডেটদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি দীর্ঘসময় রোদে কাজ করার ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহারের মতো ব্যবহারিক পরামর্শও দেন তিনি।
এবারের প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের সৌজন্যে বেস্ট অলরাউন্ড রেটিং হিসেবে গোল্ড মেডেল পান রাব্বি ইসলাম কানন। এছাড়া মেসার্স হক অ্যান্ড সন্স লিমিটেডের সৌজন্যে বেস্ট গ্রাউন্ড ড্রিল হিসেবে সিলভার মেডেল পান প্যারেড কমান্ডার রহমত উল্লাহ।
পূর্বকোণ/এএইচ