চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বুলবুল আখতারকে স্বাধীনতা সম্মাননা স্মারক ২০২৬ প্রদান—অঁলার অভিনন্দন

চট্টগ্রাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বুলবুল আখতারকে স্বাধীনতা সম্মাননা স্মারক ২০২৬ প্রদান—অঁলার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতের প্রখ্যাত শিল্পী বুলবুল আখতার চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক স্বাধীনতা সম্মাননা স্মারক ২০২৬-এ ভূষিত হতে যাচ্ছেন। এ অর্জনে চট্টগ্রামের গানের ব্যান্ড “অঁলা” অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

 

অঁলা এক বিবৃতিতে জানায়, বুলবুল আখতার দীর্ঘ ৫৬ বছর ধরে চট্টগ্রামের গানকে নিজের সাধনা ও শিল্পচর্চার মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণকারী এই শিল্পী শৈশব থেকেই চট্টগ্রামের ভাষার গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। তিনি কোটি মানুষের কাছে ‘গানের বুলবুল’ হিসেবে পরিচিত।

 

বিবৃতিতে আরও বলা হয়, বুলবুল আখতারের গান আজও সকল বয়সের মানুষের মনে আবেগ জাগায়, অনুপ্রাণিত করে এবং চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। তাঁর এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য একটি ঐতিহাসিক ও ধারাবাহিক সাংস্কৃতিক অর্জন।

 

অঁলা’র মিউজিক এন্ড লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ আবছার বলেন ‘চট্টগ্রামের গানে বুলবুল আখতারের অবদান অবশ্যই অনস্বীকার্য যেমন, তেমনই বুলবুল আখতার একজন বৈশ্বিক সংগীতাঙ্গনে সংগীতের ধারাকে প্রবাহিত ও পৃথিবীব্যাপী শান্তির বিস্তারে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। বুলবুল আখতার তার গানের মাধ্যমে আন্তসাম্প্রাদায়িক যে মেলবন্ধন তৈরি করে যাচ্ছে সেটি এখনকার পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ।’

 

অঁলার পলিসি ম্যানেজার তানভীরুল মিরাজ রিপন জানান ‘অঁলা বুলবুল এই সম্মাননাকে গভীর গর্বের সঙ্গে দেখছে। বুলবুল আখতারের গান আমাদের প্রজন্মান্তরে প্রভাব ফেলেছে এবং সম্প্রদায়গুলোর মধ্যে তাঁর গানগুলো সাঁকো হিসেবে কাজ করছে। বুলবুল আখতার একজন প্রভাবশালী কণ্ঠশিল্পী। এ পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

 

উল্লেখ্য, অঁলা একটি সংগীতভিত্তিক ব্যান্ড, যা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। ব্যান্ডটি চট্টগ্রামের গানকে শান্তি ও সহাবস্থানের বার্তা হিসেবে প্রচার করে এবং চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সংস্কৃতিকে উদযাপন করে আসছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট