
দেশে জ্বালানি নিয়ে সংকটে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) একযোগে ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে।
বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়ে।
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপকের (বণ্টন ও বিপণন) দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে সংস্থাটির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, আজ (১৬ এপ্রিল) পূর্বাহ্নে (দুপুরের আগে) বদলি কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় আজ (১৬ এপ্রিল) অপরাহ্নে (দুপুরের পর) তারা স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য হবেন।
পূর্বকোণ/পিআর