
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক প্র্যাক্টিক্যাল কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ লারাভেল’ শিরোনামে ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজক ছিলো সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি। নগরীর আইটি বিষয়ক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, চট্টগ্রাম ক্যাম্পাস-এর সার্বিক সহযোগিতায় সম্প্রতি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং ল্যাবে অনুষ্ঠিত এ কর্মশালায় ৪৫ জনের অধিক শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ধারণা এবং লারাভেল ফ্রেমওয়ার্কের ব্যবহারিক প্রয়োগ হাতে-কলমে শেখার সুযোগ পায়।
এতে প্রশিক্ষক ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুর রহমান। এছাড়াও সার্বিক সহযোগিতা করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. রহিম উদ্দিন তানজিরসহ অন্যান্য প্রতিনিধিরা। কর্মশালার সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সিআইইউপিসি-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রভাষক মো. হাবিবুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সনদ বিতরণ করা হয় এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবেল সেন গুপ্তসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিআইইউপিসি-এর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়।
পূর্বকোণ/ইবনুর