চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পচা ডিমে তেলাপোকার রাজত্ব: চট্টগ্রামের দুই বেকারিতে ১৭ লাখ টাকা জরিমানা

পচা ডিমে তেলাপোকার রাজত্ব: চট্টগ্রামের দুই বেকারিকে ১৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভেজাল প্রক্রিয়াকরণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদের দায়ে চট্টগ্রাম মহানগরীর পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড এবং কে বেকারিকে মোট ১৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মোস্তফা এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নোংরা পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ও তৈলাক্ত মেঝে এবং পচা ও পোকাযুক্ত ডিমের মজুদ পাওয়া যায়।

 

এছাড়া ফ্রিজারে জমাট বাঁধা রক্ত-মাংসের উচ্ছিষ্টাংশ, মিষ্টিতে পোকা-মাছি এবং মাওয়াতে ক্ষতিকর অ্যালুমিনিয়ামের উপস্থিতিও পরিলক্ষিত হয়। খাদ্যদ্রব্যে অগ্রীম উৎপাদনের তারিখ বসানো (লেবেলিংয়ে অপকৌশল), ভেজাল প্রক্রিয়াকরণ এবং অস্বাস্থ্যকরভাবে বর্জ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ১২০ কেজি খাবার অনুপযোগী মিষ্টি ধ্বংস করা হয় এবং মেয়াদে কারচুপির জন্য জব্দকৃত প্রায় ৫০ ক্যারেট বেকারি পণ্য (ব্রেড, বিস্কুট, সেমাই ইত্যাদি) চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শোলকবহর এবং আল হুমায়রা মহিলা মাদ্রাসা ও হেফজখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

 

একই দিনে খুলশীর জাকির হোসেন রোডে কে বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দধি তৈরি, মেয়াদহীন রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদের প্রমাণ পাওয়া যায়। নোংরা পাত্র ও প্লাস্টিকের রশি ব্যবহারের মাধ্যমে খাদ্য প্রস্তুতের দায়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মালিকপক্ষকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়), চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিএমপি-র একটি দল এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ জাতীয় তদারকি ও বিচারিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট