
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে তারাবির নামাজ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্দ্বীপ থানায় মামলাটি রুজু হয়। এর আগে শুক্রবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
আহত মো. জিহাদ ছাত্রশিবির বাউরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি। স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ আদায় শেষে একদল যুবক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে সংঘবদ্ধ হামলা করে।
গুরুতর আহত অবস্থায় মো. জিহাদকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও সহকর্মীরা।
ঘটনার পর চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে হামলাকে ‘পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেয়। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, হামলার অভিযোগে মামলার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
হামলার বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের বলেন, হামলাকারীরা কেউ বিএনপির দায়িত্বশীল কেউ নন।
পূর্বকোণ/এএইচ