লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়রা জানান, তিনলাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। এরপর সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড় ভাই উঠে খাবার নিয়ে নানা কথা বলেন।
এ সময় বরও উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজে হামলার চেষ্টা করেন। এ নিয়ে বাকবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। দুজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত















