চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বাড়ির আঙিনায় কাজ করার সময় বিমরুলের কামড়ে মো. আবুল কাসেম (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বরকল কানাইমাদারী এলাকার আমান মাঝির বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কাসেম ওই এলাকার আলী আহমেদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আবুল কাসেম তার নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ একঝাঁক বিমরুল তাকে কামড় দেয়। বিমরুলের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দারা বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















