চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নদীপথে পাচারকালে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি।

 

আটকরা হলেন—টেকনাফ থানাধীন মনিরঘুনা গ্রামের মো. হাফেজ আহমেদের ছেলে মো. রাশেদ (২০) এবং উখিয়া থানাধীন ১১নং রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন সদস্য আলী জোহরের ছেলে মো. আব্দুল্লাহ (২২)।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাগোনা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মায়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে রাশেদ ও আব্দুল্লাহকে আটক করেন। পরবর্তীতে তাদের তল্লাশি করে তিনটি পোটলার ভেতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা অধিক দামে বিক্রির উদ্দেশ্যে মায়ানমার সীমান্ত থেকে এই ইয়াবাগুলো সংগ্রহ করেছিল। মাদক সরবরাহের সাথে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট