চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর আগমন প্রস্তুতি, বাঁশখালীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রীর আগমন প্রস্তুতি, বাঁশখালীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

বাঁশখালী সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন হেলিপ্যাড ও জনসভার সভামঞ্চ এলাকা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জানান, প্রধানমন্ত্রী এবারের সফরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন এবং নির্ধারিত সভামঞ্চে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, ডিজিএফআই এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ভেন্যুর অবকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক।

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো বাঁশখালী জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং শুক্রবার থেকেই এলাকাভেদে মাইকিং শুরু হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনসমাগম এবং ভেন্যুর সার্বিক প্রস্তুতি নিয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে জনসভাস্থলে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং যানবাহন চলাচলের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট