চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্থানীয় যুবকের মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্থানীয় যুবকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৬ | ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সাগরে গোসলে নেমে তীব্র ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াসিন আরাফাত (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া এলাকার আলিম হোসেনের ছেলে।

 

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে ইয়াসিন তার বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের মধ্যে পড়ে তিনি ভেসে যেতে থাকেন। সাথে থাকা বন্ধুদের চিৎকারে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই কক্সবাজারের সাগরে গোসলে নেমে খুলনার হেলাল উদ্দিন নামের এক পর্যটক নিখোঁজ হন, যার কোনো সন্ধান ১৫ দিন পার হলেও মেলেনি। বেসরকারি লাইফগার্ড সংস্থা ‘সি সেফ’-এর তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সৈকতে পানিতে ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১ জন। তবে একই সময়ে সংস্থাটির সদস্যদের তৎপরতায় ১ হাজার ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট