ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে একটি মাইক্রোবাসের তেলের ট্যাংকের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ৫ শ পিস ইয়াবা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—খুলনা জেলার রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), গাড়ি চালক মো. আলাউদ্দিন শেখ (২৮) এবং মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯) আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের সিটের নিচে তেলের ট্যাংকের সঙ্গে প্লেন শিট দিয়ে ঢাকা অবস্থায় ২০টি বান্ডেলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় আরও ২০০ গ্রাম ইয়াবার গুঁড়া জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, মাদক পরিবহনের উদ্দেশ্যে গাড়িটি খুলনার রূপসা থেকে কক্সবাজারের কলাতলী নেওয়া হয়েছিল। সেখানে পলাতক শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে তৈরি বিশেষ গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে রাখে। এই ইয়াবাগুলো চট্টগ্রামের কক্সবাজার থেকে ঢাকার রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















