চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ফরিদ ঢাকায় ধরা

কক্সবাজার প্রতিনিধি

৭ আগস্ট, ২০২৬ | ১:১৬ অপরাহ্ণ

কক্সবাজারে বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় রশি ছিঁড়ে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-৪ (ঢাকা)।

শুক্রবার (৭ আগস্ট) সকালে র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

জানা গেছে, গত ১ আগস্ট দুপুর পৌনে ২টায় কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগর পয়েন্টে ‘ফরিদ প্যারাসেইলিং’-এ উড্ডয়নকালে নিরাপত্তার অবহেলার কারণে দড়ি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান পর্যটক অক্ষর সৌভিক রায়। ঘটনাস্থলে তাৎক্ষণিক কোনো জরুরি উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে উদ্ধার করতে দেরি হয়। পরে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে র‍্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি ফরিদ ঢাকায় অবস্থান করছেন। পরে মিরপুরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ অপরাধের পর কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা আ.ম ফারুক জানান,
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে তাকে সংশ্লিষ্ট উদ্ধার আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট