কক্সবাজারের পেকুয়ায় অজু করতে গিয়ে পা পিছলে পড়ে নুরুল ইসলাম নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় মগনামার দরদরিয়া ঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা নুরুল ইসলাম মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দরদরিয়া ঘোনা জামে মসজিদের ইমাম।
স্থানীয়রা জানান, আছরের নামাজের জন্য মসজিদে অজু করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু দরদরিয়া ঘোনা থেকে মহুরীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাধ্য হয়ে আহত ইমামকে কাঁধে বহন করে অনেক দূর নিয়ে আসতে হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল ইসলাম নামের একজন ইমাম আছরের নামাজের জন্য অজু করতে গিয়ে পা পিছলে দুর্ঘটনার স্বীকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
পূর্বকোণ/এমরান/এএইচ















