কক্সবাজারের টেকনাফে নাইট্যংপাড়া ও কেরুনতলী এলাকা থেকে ৫৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকারর ২০ হাজার ইয়াবা, ১টি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, টেকনাফের কেরুনতলী এলাকায় সকাল ৯টায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এতে সন্দেহজনক একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার ৩৫ হাজার ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ভ্যান গাড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা আলামত ও আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/রাকিব/এএইচ















